সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় সাইফুল ইসলাম মণ্ডলকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী নাছিমা খাতুনের (৪৫) বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা মকবুল মণ্ডল বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় প্রথম নাছিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, শুক্রবার রাতে সাইফুলকে কুপিয়ে আহত করার পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী নাছিমা খাতুন(৪৫) ও তার মেয়ে স্বপ্না খাতুনকে (২০) গ্রেপ্তার করেছে।
উল্লাপাড়া মডেল থানার এসআই আব্দুস সালাম জানান, সম্প্রতি সাইফুল দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়েকে কেন্দ্র করে সাইফুল ও তার প্রথম স্ত্রী নাছিমা খাতুনের মধ্যে বিরোধ চলছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরই জের ধরে ঝগড়ার এক পর্যায়ে নাছিমা ও অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উল্লাপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালেক জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল আহত হন এরপর হাসপাতালে মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।