পোশাকশ্রমিকদের অভিযোগ থাকলে তারা অভিযোগের জায়গায় অভিযোগ করবে। সরকার ইতিমধ্যে মালিকদের সঙ্গে কথা বলে কয়েক দিন আগে পোশাকশ্রমিকদের ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এই বেতন যথেষ্ট কি না। আমি এটা নিয়ে বলবও না। পোশাকশ্রমিকরা পরিশ্রম করেন, তারা অবশ্যই মজুরি পাবেন এটাই স্বাভাবিক।
গতকাল শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা আলীয়া মাদ্রাসা-শত্রুর্মদন সড়কের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘এ ব্যাপারটি যেন কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে। মাঝখান থেকে কিছু লোক ঢুকে আগুন দিয়ে পোশাকশ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে চায়, এটা কাম্য নয়। শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করেন। তিনি চান উন্নয়ন।’
নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমার নির্বাচনী এলাকায় মানুষের কাছে যাচ্ছি। তারা আরও কাজ চায়, উন্নয়ন চায়। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তা স্বাধীনতার পর আর কেউ করতে পারেনি। আর এর সব সুফল ভোগ করছে সাধারণ মানুষ। গ্রামের রাস্তাঘাট, স্কুল-কলেজের সুবিধা করে দেওয়ায় মানুষের শহরে যাওয়ার প্রবণতা কমছে।’
এ সময় উপস্থিত ছিলেন শাস্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।