প্রধানমন্ত্রীর কাছে দাবি

বিমানবন্দরসহ ১৮ দফা খুলনা উন্নয়ন কমিটির

খুলনা বিমানবন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত কাজ শুরুসহ প্রধানমন্ত্রীর কাছে ১৮ দফা দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান।

দাবিগুলোর মধ্যে রয়েছে, খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত কাজ শুরু করা, খুলনা-মোংলা-ভাঙা সড়ক চার লেনে উন্নীতকরণ, রূপসা-তেরখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সঙ্গে সংযোগের জন্য টানেল নির্মাণ, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ড্রেজিং ব্যবস্থা অব্যাহত রাখা, খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, খুলনায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, স্বতন্ত্র ক্যানসার হাসপাতাল স্থাপন, আমদানি-রপ্তানির সুবিধার্থে মোংলা বন্দরের অদূরে কন্টেইনার স্টেশন স্থাপন, খুলনার পাটকলসহ বন্ধ সব মিল-কলকারখানা চালুর ব্যবস্থা, সুন্দরবনকে ঘিরে পর্যটন হাব গড়ে তোলা, ভৈরব, রূপসা ও পশুর নদীর নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা, মুন্সিগঞ্জ-সাতক্ষীরা-যশোর রেললাইন স্থাপন এবং খুলনা-ঢাকা কালনা সেতু হয়ে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা। সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, অধ্যাপক আনোয়ারুল কাদির, ইঞ্জিনিয়ার আজাদুল হক ও সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন প্রমুখ।