সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না গতকাল শনিবার বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন। ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠা-ু, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ শেখ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সভাপতি মো. নুরুল ইসলাম।
এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে কামারখন্দ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার রাস্তা তৈরি করেনি, সমাজসেবা অফিসের আওতাধীন ভাতাভোগীদের কোনো সুযোগ-সুবিধা দেয়নি। পক্ষান্তরে শেখ হাসিনার আমলে কামারখন্দের অলিগলিতে রাস্তা হয়েছে। প্রতিটি ইউনিয়নের মানুষ ভাতা পাচ্ছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান।