গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। বৈশ্বিক আসর শেষ হতে না হতেই আজ সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।
ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররাও।
দেশে ফিরে কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প।
প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।
শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা দেওয়ার কথা ছিল দলটির। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশের উদ্দেশে ফ্লাইট ধরবেন রিয়াদ-শান্তরা।
এবারের বিশ্বকাপ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা অভিযানে আর কেবল একটি ম্যাচ জিততে পেরেছে দলটি। ৯ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে আছে তারা। তাদের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।