মেলবোর্নের 'ভিন্ন কন্ডিশনে' মানিয়ে নিতে আশাবাদী বাংলাদেশ

বাংলাদেশের শীত কেবল শুরু হতে চলেছে। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে শীতের তীব্রতা অনেক। বাতাসও আছে প্রচুর। ভিন্ন এই কন্ডিশনেই স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। কন্ডিশনের চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত সফরকারীরা।

এখন অস্ট্রেলিয়া অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেলবোর্নে আজ তাদের প্রথম সকাল কেটেছে। প্রায় ২০ ঘন্টার ভ্রমণ ক্লান্তি দূর করতে সকালেই ছিল জিম এবং রিকভারি সেশন। আগামীকাল থেকে বল নিয়ে অনুশীলন করবে দলটি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ফুটবলারের বিশ্রামের দিকেই নজর দিচ্ছেন বেশি, ‘ভ্রমণ টা বেশ লম্বা ছিল। তাই আজ সকালের নাস্তা সূচি বিলম্ব দেওয়া হয়েছিল। আমরা আজ মাঠে অনুশীলন করব না। হোটেলেই রিকভারি সেশন করেছি।’

বাংলাদেশের সঙ্গে মেলবোর্নের আবহাওয়ার তারতম্য ভালোই চোখে পড়েছে কোচের, ‘আমাদের সঙ্গে আবহাওয়ার ভিন্নতা রয়েছে। এখানে বাতাস বেশি এবং ঠান্ডাও অনেক। খেলা অস্ট্রেলিয়ান সময় রাত আটটায় হওয়ায় তখন আরো ঠান্ডা থাকবে।’

বাংলাদেশ দলের অন্যতম ডিফেন্ডার রহমত মিয়াও আবহাওয়ার ভিন্নতার কথা বলেছেন। কয়েকদিন আগে আসায় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমরা এখানে কয়েক দিন আগে এসেছি। আবহাওয়া সব কিছু মানিয়ে নিতে সুবিধা হবে। তিন দিন অনুশীলন করার সুযোগ পাব।’

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানের মতে, ‘সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে।’

১৬ নভেম্বর মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর তাদের লড়াই গ্রুপের বাকি দুই দল ফিলিস্তিন এবং লেবাননের সঙ্গে।