রবিবার ঢাকাসহ সারাদেশে ৬ বাসে আগুন

রাজধানী ঢাকাসহ সারাদেশে ছয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) এলাকায় তিনটি, নারায়ণগঞ্জে একটি, সাভারে একটি এবং বরিশালে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (১২ নভেম্বর) প্রথম প্রহর থেকে রাত ১২টা পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর: রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার সামনের সড়কে প্রত্যয় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি গাবতলি থেকে বাবুবাজার রুটে চলাচল করে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ভূঁইয়া। তিনি বলেন, আগুনের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। তবে, এ ঘটনায় এখনও কেউ আটক হননি।

সাভার: রাত ৯টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনের পাশে পার্ক করা ইতিহাস পরিবহনের বাসে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুজন আগুন দেয়। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

তেজগাঁও: রাত ৮টা ২০ মিনিটে তেজগাঁও এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্যামল বাংলা পরিবহনের বাসটি ঢাকা-হালুয়াঘাট-ঢাকা রুটে চলাচল করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করে।

নারায়ণগঞ্জ: সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় নাফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম বলেন, আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। 

মিরপুর: দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বরিশাল: রবিবার ভোররাত ৩টার দিকে বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের সময় বাসের হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকলেও তিনি টের পেয়ে লাফিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন।

বাসটির হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া এবং ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের বাসটি রাখা হতো। 

এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মা এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা যান। আগুন নেভানোর পর বাসটি থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে।