হতাশার বিশ্বকাপ শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে রাতে তারা পেল সুখবর। পাকিস্তানে ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বাংলাদেশকে থাকতে হতো চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও পয়েন্ট টেবিলের আটেই ছিল বাংলাদেশ। তবু নিশ্চিত ছিল না চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। গতকাল ভারত নেদারল্যান্ডসকে হারানোয় পয়েন্ট টেবিলের আটে থেকেই চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেল বাংলাদেশ।
সমান ৪ পয়েন্ট থাকলেও নেট রানরেটে শ্রীলঙ্কার (-১.৪১৯) চেয়ে এগিয়ে (-১.০৮৭) থাকায় আটেই থাকতে পারল বাংলাদেশ। ডাচদের নেট রানরেট (-১.৮২৫)। বাংলাদেশ এবারের বিশ্বকাপে লিগ পর্বে নয় ম্যাচের দুটিতে জয় পেয়েছে। হেরেছে বাকি সাত ম্যাচ। আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছেও হারে সাকিব আল হাসানের দল।
সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়নস ট্রফির আসর। বাংলাদেশ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল। গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতে পেয়েছিল জয়, বৃষ্টিতে পন্ড হয় এক ম্যাচ, অন্যটি হারে। তাতে গ্রুপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ পেয়েছিল সেমির টিকিট।
২০২৫-এ হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আসরে স্বাগতিক হিসেবে সুযোগ পাচ্ছে পাকিস্তান, বিশ্বকাপও তারা শেষ করে পাঁচে থেকে। বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অন্য সাত দল পেয়েছে পাকিস্তান যাওয়ার টিকিট। দাপুটে ক্রিকেট খেলে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেয়েছে আফগানিস্তান। বাকি পাঁচ দল হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।