আমেরিকার ফিটনেস ইনফ্লুয়েন্সার, মেকআপ আর্টিস্ট ও রিয়্যালিটি শো তারকা ব্র্যান্ডি মালোরি মারা গেছেন। ‘এক্সট্রিম ওয়েট লস’ শো-তে দ্রুত ওজন কমিয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি। ব্র্যান্ডি মালোরির বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
তার মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। জানা গেছে ৯ নভেম্বর জর্জিয়ার স্টোন মাউন্টেইনে মারা গেছেন তিনি।
২০১৪-এ জনপ্রিয় এবিসি সিরিজের চতুর্থ সিজনে অংশ নিয়েছিলেন মালোরি। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে মালোরি জানান, অতিরিক্ত ওজনের কারণে তার এক বোন মাত্র ২৯ বছরেই মারা গেছেন। তার মৃত্যুতে ভয় পেয়ে ওজন কমানোর জন্য ‘এক্সট্রিম ওয়েট লস’ শোতে যোগ দিয়েছেন তিনি।
ব্র্যান্ডি মালোরি সাক্ষাৎকারে আরও বলেন, ‘প্রতিদিন সকালে ঘুম ভাঙলে মনে হতো হয়তো এটাই আমার শেষ দিন। আমার ওজন নিয়ে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কারণ আমার ভয়, আমিও হয়তো শিগগির মারা যাব।’
‘এক্সট্রিম ওয়েট লস শো’-তে অংশ নেয়ার পরে ব্র্যান্ডি মালোরি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তার ওজন কমানো এবং ভাইরাল ড্যান্স মুভের কারণে। শো-তে মালোরি জানিয়েছেন তার ওজন ছিল ৩২৯ পাউন্ড। ‘এক্সট্রিম ওয়েট লস’ শোতে থাকাকালীন তার ওজন কমে। আর ওজন ঝড়াতে তাকে হাফ আয়রনম্যান, সাতার, বাইকের সাথে মাত্র ৮ ঘণ্টায় ৭০ মাইলের বেশি দৌড়ানোর মতো কঠিন প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস