না ফেরার দেশে পাড়ি জমালেন মডেল-অভিনেতা সোহেল খান। মোস্তফা সরয়ার ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। প্রথম বিজ্ঞাপনচিত্রেই ‘ওরে কত কথা বলে রে’ সংলাপের মাধ্যমে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান এই শিল্পী। এই বিজ্ঞাপনই বদলে দেয় তার ক্যারিয়ার। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে।
অভিনয়ের বাইরেও সিনেমা নিয়ে আলাদা স্বপ্ন ছিল অভিনেতা সোহেল খানের। শুধু পর্দায় অভিনয় নয়, সিনেমার বিকাশে নিজের মতো করে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। এ জন্য সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেতা।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন সোহেল খান। তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তুলতে চান। যেখানে মানুষ নিয়মিত সিনেমা দেখতে পারবেন, চর্চা হবে সংস্কৃতির।
অভিনেতার সেই স্বপ্নের কথা এখন নতুন করে মনে পড়ছে। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগের কথা ভেবেছিলেন তিনি। তবে জীবদ্দশায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারলেন না।