নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপি। একইসঙ্গে জনগণের চলমান ‘অগ্নিগর্ভ আন্দোলন’ আরও তীব্র ও কঠিন থেকে কঠিনতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এ ছাড়া তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
তফসিল ঘোষণার পর গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত তফসিল প্রত্যাখান করেন। তিনি বলেন, ‘সবার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। এসব তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনগণ।’
তিনি আরও বলেন, ‘এটা ২০১৪ কিংবা ২০১৮ নয়, তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ক্ষমতার সিংহাসন রক্ষা করবেন, অত সহজ নয়। নির্বাচনের ঘোষণা দিলেন আর নির্বাচন হয়ে গেল, এই দিবাস্বপ্ন বাস্তবায়িত হবে না। কারণ মানুষ ১৫ বছরের অত্যাচারের জবাব দিতে ঘুরে দাঁড়িয়েছে, ভাত ও ভোটের অধিকারের জন্য মাঠে নেমেছে।’
জনগণের চলমান ‘অগ্নিগর্ভ আন্দোলন’ আরও তীব্র ও কঠিন থেকে কঠিনতর হবে বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘বর্তমান কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত সিলেকশন কমিশন। তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, জনগণের কেউ নন। এই কমিশন কেউ মানে না। সিইসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করেছেন এবং গোটা জাতির সঙ্গে ইয়ার্কি করেছেন।’
এ ছাড়া তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেট, কুষ্টিয়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।