তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশেব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে আজ বুধবার সন্ধ্যায় দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করলে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ। উপস্থিত ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।