নির্বাচন বর্জনে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন নেতাকর্মীরা।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারি সে পুরানো খেলারই অংশ বলে জনগণ বিশ্বাস করে।
তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা দুরভিসন্ধিমূলক। তিনি আবারও এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, খান রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরিফুল ইসলাম ও ডা. সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারিক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ প্রমুখ।
