সাগরে নিম্নচাপ উপকূলে বৃষ্টির সম্ভাবনা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামীকাল শুক্রবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। আর গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় তা নিম্নচাপে পরিণত হয়।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শুক্রবার থেকে মাঝারি থেকে ভারী আকারে বর্ষণ প্রায় দুই দিন থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের দুই নম্বর বিশেষ বুলেটিনের তথ্যমতে, নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।