ত্বকের সৌন্দর্য বাড়াতে জেনে নিন মুরগির হাড় বা মাছের আঁশের ব্যবহার

বয়স ধরে রাখতে এক সময় অভিনেত্রীরা কোলাজেন দেওয়া ওষুধ খেতেন, ইঞ্জেকশন নিতেন। কিন্তু এই কোলাজেন আসলে কী, তা হয়তো অনেকেই জানেন না। কোলাজেন আসলে এক ধরনের প্রোটিন। যা শরীরের মধ্যেই তৈরি হয়। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে এই প্রোটিন উৎপাদনের ক্ষমতা কমতে থাকে। যার ফলে ত্বক অকালেই কুঁচকে যায়, বলিরেখা পড়ে। এখন শুধু ওষুধ বা ইঞ্জেকশন নয়, সাপ্লিমেন্ট হিসাবেও কোলাজেন পাওয়া যায়। তবে সেই সব জিনিস বেশ খরচসাপেক্ষ এবং রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়া অস্বাভাবিক নয়। তবে সামান্য কিছু উপকরণ দিয়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন কোলাজেন বাড়িতেই তৈরি করে ফেলা যায়।

বাড়িতে কোলাজেন পাউডার তৈরি করতে কী কী প্রয়োজন হয়?

উপকরণ:

মুরগির মাংসের হাড় বা মাছের আঁশ: ১ কেজি

আ্যাপ্‌ল সাইডার ভিনিগার: ২ টেবিল চামচ

পানি: হাড় সেদ্ধ করার জন্য

পদ্ধতি:

১) যদি মাংসের হাড় ব্যবহার করেন, তা হলে সেগুলি আগে ভাল করে ধুয়ে মাইক্রোওয়েভে রোস্ট করে নিন। মাছের আঁশ ব্যবহার করলে তা যেন ভাল করে ধুয়ে নিন।

২) এবার একটি বড় পাত্রে হাড় বা মাছের আঁশ সেদ্ধ করতে দিন।

৩) ফুটতে শুরু করলে এর মধ্যে মিশিয়ে দিন ভিনিগার।

৪) চার থেকে ছয় ঘণ্টা এই অবস্থায় ফুটতে দিন।

৫) অন্য একটি পাত্রের মুখ পরিষ্কার সুতির কাপড় দিয়ে আটকে দিন। ফুটন্ত পানি থেকে হাড় বা মাছের আঁশ ছেঁকে নিতে সুবিধা হবে।

৬) এবার ওই তরল পদার্থ সারা রাত ফ্রিজে রেখে দিন।

৭) পরের দিন ফ্রিজ থেকে বের করে উপর থেকে জমাট বাঁধা চর্বি আলাদা করে তুলে নিন।

৮)  এবার ওই জেলিজাতীয় থকথকে পদার্থটি বেকিং শিটের উপর রেখে, ওভেনে ঢুকিয়ে দিন। পুরো বিষয়টি থেকে পানি শুকিয়ে নেওয়ার জন্যে একেবারে কম আঁচে রেখে দিন।

৯) যতক্ষণ না পুরোপুরি পানি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অপেক্ষা করুন।

১০) এবার ওই শক্ত ডেলার মতো বস্তুটি হামানদিস্তা বা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়িয়ে নিন।

১১) দীর্ঘদিন তা সংরক্ষণ করার জন্য বায়ুরোধী কাচের বোতলে ভরে রাখুন।

সূত্র: আনন্দবাজার।