গভীর রাতে বিএনপির ব্যানার ছিঁড়ল যুবলীগ

চট্টগ্রামে কাজির দেউড়ি এলাকায় নগর বিএনপির কার্যালয়ের সামনের গেইটে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেছে যুবলীগের কর্মীরা। এর আগে তারা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে লাঠি নিয়ে জড়ো হয় মহানগর ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মীরা। এসময় তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিএনপি কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর কার্যালয়ের সামনে বিএনপির কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে বিএনপির লোকজন নগরের ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয়। ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেন। তার দাবি, যুবলীগ নয়, বিক্ষুব্ধ লোক বিএনপির কার্যালয়ের সামনের কিছু ব্যানার ছিঁড়ে ফেলে।

এই প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, কিছু লোক বিএনপির দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকে সামনে অবস্থান নিয়ে কিছু ব্যানার ছিঁড়ে ফেলে।

প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নগরের পাঁচলাইশ এলাকায় একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এরপর রাত ১১ টার দিকে ওয়াসা মোড়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।