বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের পিচ পরিবর্তন নিয়ে যারা সমালোচনা করেছেন, তাদের ধুয়ে দিয়েছেন সুনিল গাভাস্কার। নির্বোধের মতো মন্তব্য করা বন্ধ করতে বলেছেন ভারতীয় এই কিংবদন্তি ব্যাটসম্যান।
গতকাল প্রথম সেমিফাইনালের আগে পিচ পরিবর্তন নিয়ে বোমা ফাটিয়েছিল মেইল অনলাইন। ব্রিটিশ সংবাদমাধ্যমটি দাবি করেছিল, স্পিনারদের সুবিধা দিতে আইসিসির অনুমতি না নিয়েই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেমিফাইনালের উইকেট বদল করেছে।
যদিও প্রথম সেমিফাইনালে স্পিনাররা তেমন একটা সুবিধা পাননি। পেসার মোহাম্মদ শামি ও ব্যাটসম্যানদের কল্যাণে ভারত জিতেছে ৭০ রানে। ম্যাচ শেষে গাভাস্কার তাই সমালোচকদের এক হাত নিয়েছেন।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের জন্য মূলত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। লিগ পর্বে এ মাঠে অনুষ্ঠিত চার ম্যাচের একটিও ৭ নম্বর উইকেটে হয়নি। কিন্তু পরে ম্যাচটি হয়েছে ৬ নম্বর পিচে, যেখানে লিগ পর্বে হয়েছিল দুটি ম্যাচ।
এই পরিবর্তনকে আইসিসি স্বাভাবিক বললেও অনেকেই এর সমালোচনা করেছেন। তাদের উদ্দেশ করেই গাভাস্কার বলেছেন, ‘যেসব নির্বোধ পিচ পরিবর্তন নিয়ে কথা বলেছে, আশা করছি, তারা মুখটা বন্ধ করবে। পিচ পরিবর্তন নিয়ে কথা বলা বন্ধ করুন। দুই দলের জন্যই এটা সমান ছিল।’
ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও বলেছেন, ৬ নম্বর উইকেটেই ম্যাচ হচ্ছে। এই উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। যদিও ম্যাচে একেবারেই উল্টো চিত্র দেখা গেছে।
গাভাস্কার পিচ নিয়ে সব ধরনের কথাই বন্ধ করতে বলেছেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। অবশ্য দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার আগেই অনেকে আহমেদাবাদের পিচ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন।’
নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে ভারত। ২০১৯ সালের সেমিফাইনালে ভারতকেই হারিয়ে ফাইনালে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার ফলটা ভিন্নই হয়েছে।