অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির শঙ্কা

আজ পহেলা অগ্রহায়ণ। কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, পড়ছে ঝিরিঝিরি বৃষ্টিও। দিনভরই সেখানে থেমে থেমে হতে পারে এমন হালকা বৃষ্টি। তাতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে।

কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ফাইনালে উঠার লড়াই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর সময়টায় বাধা দিতে পারে বৃষ্টি।

মৌসুমের এই সময়টায় সাধারণত প্রবল বৃষ্টিপাত হয় না। তবে হালকা বৃষ্টিও কন্ডিশনে রাখবে প্রভাব। রাতের বেলা শিশির পড়লে পরে ফিল্ডিং করা দলকে সামলাতে হতে পারে কঠিন পরিস্থিতি।

অবশ্য বৃষ্টিতে আজ খেলা না হলেওই খুব একটা ভাবনা নেই। কারণ, বিশ্বকাপের সেমিফাইনালে আছে রিজার্ভ ডে। আর রিজার্ভ ডেতেও খেলা আয়োজন সম্ভব না হলে রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

ইডেন গার্ডেনসের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো। ভারি বৃষ্টি হলেও তা থামার পর খেলা শুরু করতে বেশি সময় লাগার কথা না।

বিশ্বকাপের সেমিফাইনালে এনিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগের দুই দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পেরে ওঠেনি প্রোটিয়ারা। ১৯৯৯ সালে টাই করেও আগের রাউন্ডে হারার কারণে ফাইনালে যেতে পারেনি তারা। ২০০৭ সালে গ্লেন ম্যাকগ্রার তোপে বিধ্বস্ত হয়েছিল এখন পর্যন্ত একবারও ফাইনালে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকা।