প্যাট কামিন্সের শর্ট বলে পুল করে ছক্কা। গর্জন করে উঠলেন ডেভিড মিলার। কাগিসো রাবাদা গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন তাকে। উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুম। ২৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার নেমেছিলেন, সেখান থেকে মিলার করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি! অনেক্ষণ থেকেই দলের হয়ে একা লড়াই চালিয়ে গেছেন তিনি। একটু হলেও লড়াইয়ের সুযোগ এনে দিয়েছেন তিনিই।
এবং পরের বৈধ বলেই আউট তিনি। আবার শর্ট বল। এবার গতি তেমন ছিল না। আবার পুল করেছিলেন, ডিপ স্কয়ার লেগে ট্রাভিস হেড ধরেছেন ক্যাচ। ১১৬ বলে ১০১ রান করে আউট মিলার। মিলারের সেঞ্চুরি এবারের বিশ্বকাপে ৩৯তম। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ২০১৫ বিশ্বকাপকে (৩৮) ছাড়িয়ে গেল ২০২৩ সালের আসর।
এই সেঞ্চুরিতে দীর্ঘ ৫ বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতকের দেখা পেলেন মিলার। শেষবার ২০১৮ সালে হোবার্টে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনি তিন অংকের রানের দেখা পেয়েছিলেন। ১০৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৯ রান করেছিলেন। সেদিনও মাত্র ৫৫ রানে তিন উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। পরে ফাফ দু প্লেসির সঙ্গে তিনি গড়েন ২৮২ রানের জুটি। তাতে ৩২০ করেছিল দক্ষিণ আফ্রিকা। জয় পেয়েছিল ৪০ রানে।
আজও দলের বিপর্যয়ের সময় হাল ধরেছেন তিনি। তাতে সম্মানজনক পুঁজি পেয়েছে দলটি।