ইসিকে সব ধরনের সহযোগিতা করবে আ.লীগ : কাদের

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সংবিধানের রীতিনীতি বিধিবিধান পালনের প্রতিশ্রুতি দিচ্ছি। সরকারের পক্ষ থেকে নির্বাচনসংক্রান্ত যাবতীয় বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বাসস দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্রক্ষমতা বদলের চিন্তা করে না। নির্বাচনে আমরা সব সময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ নির্বাচন ব্যতীত ও জনগণের রায় ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়নি। জনগণের ভোট ও অধিকারের জন্য আমরাই সংগ্রাম করেছি।

কাদের বলেন, নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব ক্ষমতাবলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছি। আমরা আশা করি, বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা অর্থবহ নির্বাচন করতে সক্ষম হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তাদের এই আন্দোলন করে কিছু হবে না। নির্বাচন থামবে না। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। সবাই আসুন। আমরা একা ক্ষমতায় যেতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, সরকারি দল হিসেবে অনুরোধ করছি, কারও জন্য কোনো বাধা নেই। আপনাদের জন্য নির্বাচনের দরজা এখনো বন্ধ হয়নি। বিএনপিও যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে ওয়েলকাম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা আজ ডায়ালগের কথা বলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে গণভবনে ডায়ালগ ডেকেছেন। সেখানে বিএনপিকে পরপর দুই দিন আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন।

গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।