উরুগুয়ের আক্রমণাত্মক ফুটবলের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসিরও ২-০ গোলের হার নিয়ে কোনো অভিযোগ নেই। তবে তার আপত্তি উরুগুয়ের তরুণ খেলোয়াড়দের প্রতিপক্ষকে সম্মান না দেখানো নিয়ে।
উরুগুয়ে ও আর্জেন্টিনা ম্যাচে বাড়তি উত্তেজনা থাকে। দুই দলের খেলোয়াড়দের প্রায়ই মেজাজ হারাতে দেখা যায়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজও সেটার ব্যতিক্রম হয়নি। কিন্তু যখন মাত্রা ছাড়িয়ে যায় বাজে আচরণ, তখন মেসির মতো তারকা খেলোয়াড় তো চুপ থাকতে পারেন না। উরুগুয়ের তরুণদের আরও শিখতে বলেছেন তিনি।
মূলত ঘটনাটির সূত্রপাত ম্যাচের ১৯তম মিনিটে। ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর কথা–কাটাকাটি হয়। এরপর রদ্রিগো দি পলের সঙ্গে ম্যানুয়েল উগারতের দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় খেলা বন্ধও থাকে কিছুক্ষণ। রেফারির দ্রুত হস্তক্ষেপে অবশ্য ঘটনা বেশি দূর গড়ায়নি।
দুই মিনিট পর মেসিকে বক্সের একটু বাইরে উগারতে পেছন থেকে ফাউল করলে আবার উত্তেজনা ছড়ায়। তখনো দি পলের সঙ্গে কথা-কাটাকাটি চলে উগারতের। দি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন উরুগুয়ের ২২ বছর বয়সী ফুটবলার উগারতে। ফাউল নিয়ে ও উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির আপত্তি না থাকলেও এই অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়েছেন।
ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেছেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’
আগামী ২২ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।