লুর চিঠির জবাবে আ.লীগ

অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। এতে বলা হয়েছে, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই।

সূত্র জানায়, গতকাল শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া জবাবের চিঠি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্তুরো হাইন্সের কাছে হস্তান্তর করেন। এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের জবাবের চিঠিটি লেখা হয় এবং আরাফাতকে সেটি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়। এসব বিষয়ে জানতে গতকাল কল দেওয়া হলেও রিসিভ করেননি আরাফাত।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে গত সোমবার চিঠি পাঠান ডোনাল্ড লু। গত বুধবার চিঠিটি ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ বিষয়ে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, চিঠির জবাব দুই-এক দিনের মধ্যে দেব। এটা একটা সৌজন্যবোধ, শিষ্টাচারের বিষয়। তিনি একটা চিঠি দিয়েছেন, সেটার জবাব আমরা অবশ্যই দেব। এটা গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেও পড়ে। চিঠি প্রসঙ্গে আমাদের কথা এটাই।

যুক্তরাষ্ট্রকে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সময় দিতে হবে। পাশাপাশি ৩০০ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত, নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশল চূড়ান্ত করতে হবে। তাই অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় নেই। এ ছাড়া অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচনী আইন সংস্কারে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথাও এতে তুলে ধরা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ ও ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের কথাও চিঠিতে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন সংলাপের দরজা খোলা রেখেছিল। কিন্তু বিএনপি শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে অনড় থাকায় সংলাপ হয়নি।

বিএনপি ও তাদের মিত্রদের ডাকা চলমান হরতাল-অবরোধ কর্মসূচির কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওবায়দুল কাদের চিঠিতে বলেন, আওয়ামী লীগ সব আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতার আশা প্রকাশ করেন তিনি।