সহিংসতার ঘটনায় ৪৮৯ জনকে গ্রেপ্তার র‌্যাবের

সারা দেশে হরতার-অবরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৪৮৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশের পর থেকে ধারাবাহিকভাবে অবরোধ ও হরতালের ঘোষণা দিয়ে আসছে তারা। এসব কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটছে।

গতকাল শুক্রবার র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ঢাকার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে সোমবাগ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জের ঘিওর এলাকা থেকে নালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মীর শাহিনুর ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২৮ অক্টোবর হামলা, নাশকতাসহ পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।