চট্টগ্রামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের না পেয়ে পরিবারের অন্য সদস্যদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মহানগর বিএনপি।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী। তবে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিএনপির এই দাবি অস্বীকার করেছেন।
বিএনপির দাবি, টার্গেট করা ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের বাবা, ভাই কিংবা পরিবারের অন্য সদস্যদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলকে তার নিউ শহীদ লেইনের বাসায় না পেয়ে তার ছোট ভাই মহিন উদ্দিনকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা পুলিশ। পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। মহিন উদ্দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। পুলিশ তল্লাশির সময় তার বাসায় ভাঙচুর ও পরিবারের নারী ও শিশুদের সাথে চরম দূর্ব্যবহার করেছে বলেও অভিযোগ মহানগর বিএনপির।
এই ব্যাপারে আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘গ্রেপ্তার মহিন নগর যুবদলের রাজনীতির সাথে জড়িত। যুবদলের রাজনৈতিক কর্মসূচিতে মহিনের সরব উপস্থিতির প্রমাণ পুলিশের কাছে আছে। তাছাড়া তাকে বাড়ি থেকে নয়, নিউ শহীদ লেইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
একই রাতে (বৃহস্পতিবার) চট্টগ্রামের ভুজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হককে বাড়িতে না পেয়ে তার বড় ভাই এমদাদুল হককে গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। এমদাদ রাজনীতির সাথে জড়িত নয় বলে দাবি বিএনপির। গেল শুক্রবার এমদাদকে 'নাশকতার' মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে নগরের আমিন জুট শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ গোলাম কবিরকে বাংলাবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘গ্রেপ্তার সুমনের বাবা গোলাম কবীর বায়েজিদ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। সুতরাং ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তারের বিএনপির অভিযোগ মিথ্যা।’
এদিকে অবরোধকে কেন্দ্র করে পুলিশের মামলা ও পরিবারের সদস্যদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার প্রমুখ।