সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তফসিল বাতিলের দাবি হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন। নেতা–কর্মীরা মশাল সড়কে ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ও নগরীর সোবহানীঘাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ–পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজারে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি নগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে পৌঁছালে সড়কের ওপর মশাল ফেলে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ দেখে নেতা-কর্মীরা এদিক-ওদিক পালিয়ে যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বন্দরবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।