বাংলা নাটকের বরপুত্র বলা হয় জিয়াউল ফারুক অপূর্বকে। দীর্ঘ প্রায় দুই যুগের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও টেলিফিল্ম। অভিনয়গুণে গেল কয়েক বছর ধরেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। নাটক পেরিয়ে দেখা দিয়েছেন ওটিটি প্লাটফর্মেও। সেখানেও নিজস্ব স্বকীয়তার প্রমাণ রাখলেন, সেরার স্বরূপ পেলেন সম্মাননা।
সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘দীপ্ত অ্যাওয়ার্ড’-এ ওটিটির সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন তিনি। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘আইকন ম্যান’ ওয়েব ফিল্মের জন্য এ সম্মাননা পান নাটকের ‘বড় ছেলে’। উচ্ছ্বসিত এই অভিনেতা বলেন, ‘ যেকোনো কাজের সম্মাননা অবশ্যই অনেক আনন্দের। আমরা প্রত্যেকেই অনেক কষ্ট করে কাজ করি, দিনশেষে কাজটি যখন সবাই পছন্দ করেন এবং সেটা পুরস্কৃত হয় সেটা অবশ্যই অনেক ভালো লাগার। এই কাজটা বড় ক্যানভাসে হয় কিন্তু সময় কম থাকার কারণে অনেক কিছু কম্প্রোমাইজ করে কষ্ট করে কাজটা করতে হয়েছে। সময়ের অভাবে স্ক্রিপ্টটা এত বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারিনি তারপরও সবাই সেটা পছন্দ করেছেন। একটু সময় পেলে কাজটা আরও ভালো হতে পারত।’
এরমধ্যে কলকাতায় ‘চালচিত্র’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন অপূর্ব, যেটি পরিচালনা করেছেন প্রতীম ডি গুপ্ত। ছবিটি শিগগিরই মুক্তি পাবে জানিয়ে তিনি বলেন, শুটিং শেষ করেছি, ডাবিং করে এসেছি। খুব শিগগিরই এটা মুক্তি পাবে। শুটিংয়ের পুরোটা সময় অনেক উপভোগ করেছি। যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই অনেক আড্ডাবাজ, যে কারণে শুটিংয়ের চেয়ে আড্ডাই হয়েছে বেশি। সবাই চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার বাকিটা মুক্তির পর দর্শকরা বলতে পারবেন।
সামনে ভালোবাসা দিবস ঘিরে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর বাইরে কথা চলছে বেশ কিছু ওয়েব ও সিনেমার কাজ নিয়ে। চলতি সপ্তাহেই অপূর্ব অংশ নেবেন নতুন একটি নাটকে, নাম ‘ডার্ক জাস্টিস’। বড় ক্যানভাসে অর্থাৎ সিনেমাটিক আয়োজনে নির্মিতব্য সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ নাটকে তার সঙ্গে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও মাখনুন সুলতানা মাহিমাকে। এটি পরিচালনা করবেন তপু খান।