চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা উপকূল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে কুমিরা সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত এমদাদুল হক রাসেল (২২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার রায়কোট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া মালবাহী ট্যাংকারের শ্রমিক ছিলেন তিনি।
এর আগে সকাল দশটার দিকে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
কুমিরা নৌ পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের ভাই অহিদুল্লাহ লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।
অহিদুল্লাহ বলেন, ডুবে যাওয়া ট্যাংকারে চালক ও শ্রমিকসহ মোট ১২ জন ছিলেন। তার মধ্যে ১১জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাসেল নিখোঁজ ছিলেন।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির বলেন, লাশের পকেটে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইল থেকে সিম বের করে তার ভাইয়ের নাম্বারে ফোন দিলে লাশটি তার ভাইয়ের বলে নিশ্চিত করেন।