সোনায় মোড়ানো কমোড, নাম ‘আমেরিকা’!

১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি কমোড! হলদে-সোনালি সেই প্যান দেখলে চমকে যাবেন যে কেউ। তবে এটি শুধুই শিল্পকর্ম, ব্যবহারের জন্য নয়।
 
অভিনব এই কমোড ছিল একটি ইনস্টলেশন আর্টের অংশ। ব্রিটেনের ব্লেনহাইম প্যালেসে সাজানো ছিল এই বিলাসবহুল পায়খানা। তার নাম আবার ‘আমেরিকা’! ৪ বছর আগে প্যালেস থেকে রহস্যজনকভাবে ডাকাতি হয়ে গিয়েছিল ‘আমেরিকা’। 

২০১৯ সালের সেই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সম্প্রতি ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমতি দেওয়া হয়েছে।

১৮ ক্যারেট সোনা দিয়ে কমোডটি তৈরি করছিলেন বিখ্যাত ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাটেলান। সেটি সাজানো ছিল ব্লেনহাইম প্যালেসে। এই প্যালেসটি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। বর্তমানে বিভিন্ন রকম শিল্পকর্ম প্রদর্শিত হয় সেখানে। সোনার কমোডটি ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছিল।

সে সময় মিউজিয়ামে আসা দর্শকরা এটি ব্যবহার করতে পারতেন। তবে বাইরে একজন প্রহরী দাঁড়িয়ে থাকতেন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে সোনার পর্দা টাঙান, তখন তাকে কমোডটি ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল জাদুঘর কর্তৃপক্ষ।