আর্জেন্টিনার হয়ে একশর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সেখানে বিশ্বকাপ বাছাই পর্বেই তার গোল ত্রিশটির বেশি। কিন্তু চমক জাগানিয়া হলেও সত্যি, বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত একবারও জালের দেখা পাননি ফুটবলের এই মহাতারকা।
আগামী ২২ নভেম্বর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি দিয়ে ক্যারিয়ারের এই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিতে চাইবেন মেসি, এটাই স্বাভাবিক।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৭৯ ম্যাচে ১০৬ গোল করেছেন মেসি। যেখানে বিশ্বকাপ বাছাইয়ে তার গোল ৬৪ ম্যাচে ৩১টি। বৈশ্বিক আসরের বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে চারবার মাঠে নেমেছেন মেসি। কিন্তু একবারও পাননি জালের দেখা।
ক্যারিয়ারে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে গোল করেননি মেসি, এমনটা অবশ্য নয়। ব্রাজিলের বিপক্ষে পাঁচটি গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সবগুলোই প্রীতি ম্যাচে।
ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি দেখতে মুখিয়ে আছে দেশটির মানুষ। মারাকানা স্টেডিয়ামের ৬৯ হাজার টিকেটই নাকি বিক্রি হয়ে গেছে।
ব্রাজিলের এই সমর্থকদের কেউ কেউ অবশ্য উন্মুখ হয়ে থাকবেন ৩৬ বছর বয়সী মেসির পায়ের জাদু দেখার জন্যও। কারণ এটা যে হয়ে পারে মারাকানায় ফুটবল জাদুকরের শেষ ম্যাচ।
বাছাইয়ে নিজেদের সবশেষ হেরেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল, আর আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।
১০ দলের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অবশ্য এখনও শীর্ষে আছে আর্জেন্টিনা। পাঁচ নম্বরে ব্রাজিল।