উ. কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলে কঠোর ব্যবস্থা

উত্তর কোরিয়াকে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিল করার বিষয়ে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সোমবার (২০ নভেম্বর) দেশটি জানায়, উত্তর কোরিয়া যদি এ কাজ এগিয়ে নেয় তাহলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে সিউল।

চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এর আগে দুইবার তারা এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়।

নভেম্বরের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রবিবার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।

জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল বলেন, অবিলম্বে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করেছি। এরপরেও যদি পিয়ংইয়ং সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয়— তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।