আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। এরইমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম কেনেন অধ্যাপক আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন যে আসনের জন্য ফরম নিয়েছেন, সে আসনের বর্তমান সংসদ সদস্য তারই ছোট ভাই ওয়ারেসাত হোসেন। আনোয়ার ও ওয়ারেসাত প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।
আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ২০১২-১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকও। প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি।
সিলেট বিভাগের আসনগুলোর মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা শামসুল কবীর জানান, সাবেক উপাচার্য আনোয়ার হোসেন নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি নিজেই ফরম সংগ্রহ করতে এসেছিলেন। আর পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর) আসনের জন্য ফরম নিয়েছেন। প্রতিনিধি পাঠিয়ে ফরম সংগ্রহ করেছেন তিনি।
আর পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক যে আসনের ফরম নিয়েছেন, সে আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান।