চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ২৬ গাড়ি

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে ১৯টি সিএনজি অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মো. আলী (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঈদগা বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে হালিশহর এলাকায় একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। এতে ২০টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হালিশহর থানার ওসি  মো. কায়সার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস আর গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলমের তথ্যানুযায়ী, বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই আগুন লেগেছিল। আগুনে ওই গ্যারেজের প্রহরী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

স্থানীয় সুত্র জানায়, রবিবার রাত পৌনে ২টার দিকে ওই গ্যারেজের ভেতরের দিকে প্রহরীর বিছানার পাশে প্রথম আগুন জ্বলতে দেখেছেন স্থানীয় বাসিন্দা মো. লোকমান  হোসেন।

লোকমান বলেন, ‘গ্যারেজে আগুন  দেখে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিই। পরে ফায়ার সার্ভিস এসে কাজ করে। আগুন থেকে একটি সিএনজি অটোরিকশা বের করতে পেরেছে তারা। ভেতরে থাকা বাকি ১৯টি অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে গেছে।