মৃত-বদলিদের নাম পোর্টাল থেকে সরাল জেলা প্রশাসন

মৌলভীবাজার জেলার বিভিন্ন সরকারি ওয়েব পোর্টাল অবশেষে হালনাগাদ করল জেলা প্রশাসন। সরানো হলো মৃত ও বদলি কর্মকর্তাদের নাম। গতকাল সোমবার পোর্টালগুলোতে এমন চিত্র দেখা গেছে। এর আগে গত শনিবার দেশ রূপান্তরে ‘মৃত আর বদলি কর্মকর্তার নাম এখনো পোর্টালে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি পোর্টালে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নাম রয়েছে মোহাম্মদ আলমগীর হোসেনের এবং মোখলেছুর রহমান নামে আরেক জেলা নির্বাচন কর্মকর্তার নামও রয়েছে। অথচ আলমগীর হোসেন গত আগস্টে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন এবং মোখলেছুর রহমান তিন বছর আগে মারা গেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল বলেন, ‘সংবাদের পর জেলা প্রশাসকের নির্দেশে জেলা-উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরে জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদের জন্য চিঠি পাঠানো হয়েছে।’