৪০ ঘণ্টায় পুড়ল ১৮ যান

সারা দেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ৪৮ ঘণ্টার হরতালের পর আজ মঙ্গলবার এক দিনের বিরতি দিয়ে ষষ্ঠ দফায় আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হবে। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। গতকাল সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে গত রবিবার থেকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ঘণ্টায় ২০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হরতাল চলাকালে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে নাশকতার পরিকল্পনা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সর্বাত্মক অবরোধ

কর্মসূচি দেয় বিএনপি। আর গত রবিবার থেকে গতকাল পর্যন্ত হরতাল দেয়। এখন আবার ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল।

৪৮ ঘণ্টার হরতাল রাজধানী ঢাকাসহ সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের দ্বিতীয় দিনে গতকাল রাজধানীতে ঝটিকা মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এ ছাড়া সমমনা রাজনৈতিক দলগুলো রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে। এদিন বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন রুহুল কবির রিজভী। একইভাবে পৃথকভাবে অনুরূপ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোটসহ বর্তমান সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যে সরকারের পথরেখা অনুসারে চলবে, তার প্রমাণ নিজেরাই দিচ্ছে। সরকারের সাজানো প্রশাসনের কোনো রদবদল করবে না বলে জানিয়েছে, এটাই স্বাভাবিক। কারণ প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের রক্ত পরীক্ষা করে কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটিই হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনী আত্মহত্যা।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে ১৭টি, আসামি করা হয়েছে ১৯৯০ জনের বেশি নেতাকর্মীকে এবং আহত হয়েছেন ৮০ জনের অধিক নেতাকর্মী।’

রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকাল সাড়ে ৬টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও মোড় ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা। যুবদল সহসভাপতি নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুবদল। ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেন। এ ছাড়া রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছেন গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোটসহ বিএনপির আন্দোলন শরিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

৪৮ ঘণ্টার হরতালে রবিবার থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ঘণ্টায় ২০টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রবিবার থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই ও সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

গতকাল দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুলকে (৪৫) আটক করা হয় বলে জানান পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা। এ ঘটনার কিছু সময় পর বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলিতে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেল সোয়া ৫টার দিকে পল্টন এলাকায় সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় রবিবার গভীর রাতে গমবোঝাই ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাজীপুর মহানগরের পুবাইলে রবিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন জানান, বিকেল ৪টার দিকে মহানগর দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখছেন। কাউকে আটক বা গ্রেপ্তার করতে না পারলেও এটা নিয়ে কাজ করছেন। এ ছাড়া রাজধানীর মৌচাক মার্কেটের সামনে রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

র‌্যাব সদস্যরা ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরির সময় দুজনকে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালে নাশকতা রোধে ছদ্মবেশে র‌্যাবের গোয়েন্দা নজরদারি কাজ করছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৫টি টহল ও সারা দেশে র‌্যাবের ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে।

হরতালকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

গতকাল সকালে বগুড়া শহরের কানুছগাড়ি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে পুলিশ পৌঁছালে তারা ঘটনাস্থল থেকে সরে যান।

ঝালকাঠিতে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. এনামুল হাসান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল থেকে আট কর্মীকে আটক করেছে পুলিশ।

জামালপুরের সরিষাবাড়ী স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতারা