পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে করা আলাদা তিন মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীকে কারাদ- দিয়েছে ঢাকার দুই আদালত। গতকাল সোমবার এ রায় ঘোষণা করে আদালত। এর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাস করে কারাভোগ করতে হবে আসামিদের।
মামলায় দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য নেতারা হলেন বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনী যাওয়ার কথা ছিল। তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়। ২০১৯ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ।
তেজগাঁও থানায় নাশকাতর মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ বিএনপির সাত নেতাকর্মীকে ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম শেখ সাদী এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত মাসের কারাদ- দেওয় হয়।
কারাদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন সাজেদুল ইসলাম সুমন, ‘গান্ডু’ শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।
এদিকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ পাঁচজনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদ-াদেশ দেয় বিচারক। গতকাল দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় দেন।
অন্য আসামিরা হলেন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন। মামলায় আরও দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু মৃত্যুবরণ করায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেয় আদালত।
প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন রংপুর প্রতিনিধি