অর্থনীতি উন্নয়নে অবদান

সংবর্ধনা পেলেন মির্জ্জা আজিজ ও মসিউর রহমান

গবেষণা, অর্থনীতি, নীতিনির্ধারণ ও উন্নয়ন চিন্তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত হলেন সাবেক অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ দুই গুণীজনের জীবন ও কর্মের প্রতি সম্মান ও স্বীকৃতি জানাতে ‘গুণীজন সংবর্ধনা ২০২৩’ আয়োজন করে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

বণিক বার্তা ও বিআইডিএসের আয়োজনে এটি ষষ্ঠ ‘গুণীজন সংবর্ধনা’। অনুষ্ঠানে ড. মসিউর রহমানকে ক্রেস্ট তুলে দেন বিআইডিএসের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক।

অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘বণিক বার্তা এবং বিআইডিএস আমাকে সংবর্ধিত করার যে উদ্যোগ নিয়েছে এ সিদ্ধান্ত উত্তরোত্তর বিনয়ের সঙ্গে আমাকে অভিভূত করেছে।’

ড. মসিউর রহমান বলেন, ‘আমি যাদের জ্ঞান ও সহযোগিতায় উপকৃত হয়েছি তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক রেহমান সোবহান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। তিনি বলেন, ‘ম্যাক্রো ইকোনমিকস নিয়ে সূক্ষ্মভাবে জানেন এমন মানুষের সংখ্যা দেশে খুব কম। তার মধ্যে এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম সারিতে থাকবেন। তিনি এর পাশাপাশি পলিসি প্র্যাকটিসারও। তিনি সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনের পাশাপাশি পরে শিক্ষকতা করেছেন। তার অভিজ্ঞতা ছাত্র ও অন্যদের মধ্যে শেয়ার করেছেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সদ্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মির্জ্জা আজিজুল ইসলামের সহকর্মী মাসুদ আহমেদ, সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক অর্থ সচিব ড. তারেক, এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে. চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো ড. রওনক জাহান, আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোমেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ।