চট্টগ্রাম নগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কামরুল হাসান আলভি নামের এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল নগরের বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ১৫ বছর বয়সী এই কিশোরের।
কামরুলের মা আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাবা আতাউর রহমান বাঁশখালী আলাওল সরকারি কলেজের শিক্ষক। আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করেন তারা। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে কামরুল বড়। নগরের হালিশহরের হাউজিং সেটেল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল সে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ফাহিম রেজা জানান, ১৩ দিন আগে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল। অবশেষে মৃত্যুর কাছে হার মানে কামরুল। মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করার আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় সে। শেষ পর্যন্ত আর ফরম পূরণ করতে পারল না সে।
গতকাল সোমবার বাদ মাগরিব কামরুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সহপাঠী ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা পড়ান ইমাম মাওলানা আইয়ুব আলী আনসারি। প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি আনোয়ারায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার জানাজা শেষে দাফন করা হয়।
কামরুলের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ৩৯২ জন হাসপাতালে ভর্তি হন। মারা গেছেন ৯৬ জন। এর মধ্যে ৩৫ জন শিশু। ৩১ জন নারী।