সাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুপক্ষের সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউনুস।

একই ঘটনায় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, হতাহতদের সঙ্গে প্রতিবেশী তারেক ও এলাহীদের বিরোধ ছিল। গত সোমাবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এরপর মঙ্গলবারও পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।