৪৮ ঘণ্টার অবরোধ শুরু, ৪৭৫ আটকের অভিযোগ

বর্তমান সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ষষ্ঠ দফায় আজ বুধবার সকাল ৬টা থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। গতকাল মঙ্গলবার আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে এই কর্মসূচি পালনে মাঠে থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। এদিকে বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে নাশকতার অভিযোগে ধরপাকড় অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালি ও হাবিবুল ইসলাম হাবিবসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭৫ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে হরতাল-অবরোধ ঘিরে যানবাহনে অগ্নিসংযোগ চলছেই। ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে গতকাল রাতে রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গত সোমবার রাতে বগুড়ায় দুটি ট্রাকে এবং গতকাল ভোরে রাজশাহীতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

অবরোধ শুরুর আগে গতকাল বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল ব্রিফিং করেন। তিনি বলেন, ‘কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে চলে যায়। এ ছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালি ও হাবিবুল ইসলাম হাবিবকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির এই দুই নেতাসহ গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামলা হয়েছে ১৫টি, আসামি করা হয়েছে ১৭২০ জনের বেশি নেতাকর্মীকে। আর আহত হয়েছেন ৩৫ জনের বেশি নেতাকর্মী।’

গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচিতে আজ মাঠে থাকার কথা জানিয়েছে লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি), গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, ১২-দলীয় জোট এবং সমমনা রাজনৈতিক দলগুলো।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি হরতাল-অবরোধের মতো টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে। গত রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের পর এক দিন বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপিসহ সমমনা দলগুলোর জোটগুলো।

অবরোধ শুরুর আগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল রাত ৮টা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হন। রাজশাহীতে গতকাল ভোর ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। গত সোমবার রাতে বগুড়ার শেরপুরে মহাসড়কের দশমাইল এলাকায় দুটি ট্রাক থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় গড়ে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় পাঁচটি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা সিটিতে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী আহত হন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেলসহ রংপুরের ৫ নেতার বিরুদ্ধে সাজার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা এ হরতাল পালিত হবে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা