আগামী বর্ষায় আদি বুড়িগঙ্গায় নৌকা বাইচ হবে : মেয়র তাপস

আগামী বর্ষা মৌসুমে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নৌকা বাইচ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন। 

মেয়র তাপস বলেন, ‘আমরা যে জায়গার ওপর এখন দাঁড়িয়ে আছি সেটা ভরাট অবস্থায় ছিল। ভরাট অবস্থায় এই জমির ওপরে মন্ত্রীসহ (স্থানীয় সরকার মন্ত্রী) আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তখন মাত্র ৩০ থেকে ৪০ ফুটের সংকীর্ণ একটি খালের মতো অবস্থা ছিল। কিন্তু আজকে আদি বুড়িগঙ্গা তার পূর্বের রূপ ফিরে পেয়েছে। বর্তমানে ৬০০ ফিটের (প্রশস্ততা) ঊর্ধ্বে পূনঃখনন করে আমরা আদি বুড়িগঙ্গাকে পুনরুজ্জীবিত করেছি। যেহেতু এখন শুষ্ক মৌসুম সেজন্য পানি কম। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে এখানে পানি টলমল করবে, ভরা থাকবে। বাকি যেটুকুও দখল অবস্থায় আছে সেগুলো দখল মুক্ত হয়ে আদি বুড়িগঙ্গা তার পূর্ণ রূপ ফিরে পাবে।

‘আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনরুজ্জীবন মানে ঢাকা শহরেরও পুনরুজ্জীবিত হওয়া’ উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের পরামর্শকরা এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা সাত কিলোমিটার করে দুই পাশের ১৪ কিলোমিটারে নান্দনিক পরিবেশ, গণপরিসর, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ সৃষ্টি করব। এখন পরামর্শকরা নকশা প্রণয়ন করছে। আমরা আশা করছি, আগামী জানুয়ারি মাসের মধ্যে নকশা প্রণয়ন শেষ হবে। তারপর নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা একনেকে এটার প্রকল্প পেশ করতে পারব। সে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আদি বুড়িগঙ্গা একটি নান্দনিক নদীতে রূপান্তরিত হবে। এটা অনেকটা দুঃস্বপ্ন ছিল যে, আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে পূর্বের রূপে ফিরে আসবে। কিন্তু সেই দুঃস্বপ্নকে স্বপ্নে রূপান্তরিত করে আদি বুড়িগঙ্গাকে পুনরুজ্জীবিত করতে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এই বেড়িবাঁধের যে ঢাল সেটা আগে দেখা যেত না। পুরোটা দখল অবস্থায় ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। এখানে ছোট্ট একটি দ্বীপের মতো (জায়গা দখল অবস্থায়) রয়েছে। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা কোনো কাগজপত্র দেখাতে পারে কিনা। কিন্তু তারা দেখাতে পারেনি। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেটা পরিষ্কার করে ফেলব। এটি পুরোটাই দখলমুক্ত হবে। নদীর মধ্যে আমরা কোনো কিছুই থাকতে দিবো না।’