ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কয়েকজন প্রকৌশলীকে নিয়ে চক্র গড়ে তুলেছিলেন সংস্থাটির সদ্য সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এ চক্রের মাধ্যমে কয়েকশ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) কাজী বোরহান উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমান ও অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীলসহ আরও বেশ কয়েকজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল ভাউচার তৈরি, দরপত্র জালিয়াতি করে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেননি তাপস। বরং মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তদের নানাভাবে অনিয়ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এ প্রক্রিয়ায় করপোরেশনের কয়েকশ কোটি টাকা লোপাট করা হয়েছে। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের লোভনীয় নানা প্রকল্পসহ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, সম্প্রতি ডিএসসিসির নানা বিষয় বিশেষভাবে পর্যালোচনা শুরু করেছে তারা। এতে সংস্থাটির বেশ কয়েকজন প্রকৌশলীর অনিয়ম দুর্নীতির চিত্র পাওয়া গেছে। এসব অনিয়মের তদন্ত করতে সিটি করপোরেশনকে আগেও একাধিকবার চিঠি দিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু কোনো ব্যবস্থা না নিয়ে তাদের হাতেই তুলে দেওয়া হয় বড় বড় প্রকল্প।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে পাড়ি জমান শেখ তাপস। এরপর থেকে রঙ পাল্টে ফেলার চেষ্টা করছেন অভিযুক্ত প্রকৌশলীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিন্থি একজন প্রকৌশলী ও শ্রমিক দলের নেতাদের সামনে রেখে সিটি করপোরেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে কাজী বোরহান উদ্দিন, আনিছুর রহমান ও মিথুন চন্দ্র শীলের বিরুদ্ধে।
আরও পড়ুন:
জালিয়াতিতে সিদ্ধহস্ত বোরহান-মিথুন চক্র 