উত্তর কোরিয়া জানিয়েছে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ স্থাপন করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ গতকাল বুধবার জানিয়েছে, মালিগিয়ং-১ নামের উপগ্রহটি ‘যথাযথভাবে’ কক্ষপথে প্রবেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের পর এ সাফল্য এলো। ওই সময় মস্কো, পিয়ংইয়ংয়কে তাদের মহাকাশ কর্মসূচিতে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল। তার আগে চলতি বছর দেশটির গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের দুটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার রাতে এই উপগ্রহ উৎক্ষেপণের পর নিকট ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
কেসিএনএর প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি ঘাঁটি থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হচ্ছে আর সেই রকেট উৎক্ষেপণ একজন দূর থেকে তাকিয়ে দেখছেন, পেছন থেকে যাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলে মনে হয়েছে।