বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল বুধবার আগের দফার অবরোধগুলোর চেয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে যানবাহন চলাচল ছিল বেশি। সকাল থেকে অবরোধের মধ্যেও সীমিত পরিসরে দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে গেছে। ঢাকা ও আশপাশের জেলাগুলোর মধ্যে বাসের চলাচলও বেড়েছে। রাজধানীর সড়কে আগের তুলনায় মানুষের ভিড়ও বেশি দেখা গেছে। সব মিলিয়ে কিছুটা শিথিলতা ফিরেছে জনজীবনে।
পৃষ্ঠা ২ কলাম ১ >
অবরোধে ফের ট্রেনে আগুন গ্রেপ্তার ৫১৫
অন্যদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ডাকা ষষ্ঠ ধাপের অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা। তবে ঢিলেঢালা এই অবরোধের মধ্যেও সিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুনের পাশাপাশি রাজধানীতে দুটি ও ঢাকার সাভারে একটি বাসে এবং রাজবাড়ীতে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আর সবশেষ ২৪ ঘণ্টায় ৫১৫ নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি।
গতকাল সকাল থেকেই রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, ধানম-ি, কুড়িল, নতুনবাজার, বাড্ডা, মহাখালী, মতিঝিল, গাবতলীসহ বেশিরভাগ এলাকায় যানবাহনের চাপ দেখা যায়। এসব এলাকার সড়কে সকাল থেকেই বাসের সংখ্যা ছিল আগের চেয়ে বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় তৈরি হয় যানজটও। মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে অবরোধের মধ্যেও দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে যেতে দেখা যায়।
রাজধানীর নিরাপত্তায় সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যদের।
অবরোধের সমর্থনে গতকাল দুপুরে রাজধানীর বনানী-কাকলী মোড় থেকে নৌবাহিনী হেডকোয়ার্টার পর্যন্ত প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর মতিঝিলে মধুমতি হলের সামনে থেকে ঝটিকা মিছিল বের করেন যুবদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা। বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল ব্রিফিং করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৫১৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে ২১টি, আসামি করা হয়েছে ২ হাজার ৩১৫ জনের বেশি নেতাকর্মীকে। আহত হয়েছেন ১২০ জনের বেশি নেতাকর্মী।’
জামায়াতে ইসলামী জানিয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করেছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন। বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাকর্মীরা। এলডিপির নেতাকর্মীরা পুরানা পল্টনে হোটেল কস্তুরির সামনে থেকে মিছিল বের করেন।
গতকাল সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘উপবন এক্সপ্রেস ট্রেনের একটি এসি চেয়ার কোচে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে লোহার মোটা ভারী পাত রেখে নাটবল্টু লাগিয়ে ট্রেন আটকে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতোলেরবাগ হকবাজার সংলগ্ন রেলপথ থেকে এসব অপসারণ করে পুলিশ।
অবরোধের শুরর আগ মুহূর্তে গতকাল ভোরে রাজধানীর পল্লবীতে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় মারুফ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া মোহাম্মদপুরের টাউনহল এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় মো. মামুন নামে একজনকে আটক করে ট্রাফিক পুলিশ।
অবরোধ শুরুর আগে রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে মঙ্গলবার রাত ২টার দিকে একটি পাটবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন রাত ১১টার দিকে ঢাকার সাভারের আশুলিয়ায় বিনোদন পার্কের সামনে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিরাজগঞ্জে অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।
ফেনীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। এ সময় পুলিশের গুলিতে ১২ জন নেতাকর্মী আহত হন বলে দাবি তাদের।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের ওপর হামলা এবং এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই ঢাকার তেজগাঁও ও শেরেবাংলা থানা এলাকার বাসিন্দা এবং আমতলা ইউনিট বিএনপির নেতাকর্মী বলে পুলিশ জানায়।
ঢাকার সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনসহ দুজনকে গতকাল সকালে শহরের পূর্বখাবাসপুর এলাকার বড়ইতলা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার শেরপুরে দুটি ট্রাকে অগ্নিসংযোগের মামলায় বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরে পৌর জামায়াতের সম্পাদকসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।