কিশোরী অপহরণ ও ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

চট্টগ্রামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং সহযোগিতার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন  পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার অমল শিকদার বাড়ির স্বপন দের ছেলে সঞ্জয় দে (২২) ও কানুনগো পাড়ার ধোরলা গোলাপ মিত্রের বাড়ির মৃত ডা. রবিন্দ্র লাল মিত্রের ছেলে কাঞ্চন মিত্র (৪৭)।

ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পিপি জিকো বড়ুয়া জানান, ২০২০ সালের ৫ জুলাই ১৪ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেওয়ার পরে ২০২২ সালের ২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য শেষে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় সঞ্জয় দে উপস্থিত ছিলেন। আসামি কাঞ্চন মিত্র  পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।