দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনেছেন এক খিলিপান পান ব্যবসায়ী।
খিলিপান ব্যবসায়ী সাকলাইন সবুজ প্রামাণিক (৩২) গণমুক্তি জোটের ব্যানারে রংপুর-১ আসন থেকে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে। এর মধ্যে তিনি নিজ আসনের বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন দিয়ে প্রচার-প্রচারণার কাজ শুরু করেছেন।
খিলিপান ব্যবসায়ী সবুজ বলেন, আমার অনেকদিনের স্বপ্ন আমি এমপি নির্বাচন করব। কারণ নরেন্দ্র মোদী যদি চা বিক্রি করে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারেন, আমি কেনো বাংলাদেশের একটা আসনের এমপি হতে পারব না? ইচ্ছা শক্তি থেকেই আমার নির্বাচন করার ইচ্ছা জাগে। জনগণ আমার পাশে আছে, এটাই আমার বড় পাওয়া। আমি সংসদে যাব, আমার এলাকার দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরব। আমাদের গঙ্গাচড়ায় বেকার সমস্যা বেশি, কর্মসংস্থান নেই বললেই চলে। আমি নির্বাচিত হয়ে গঙ্গাচড়ার জন্য কিছু একটা করতে পারি, তাহলেই আমার মনে আশা পূরণ হবে।
সবুজ আরও বলেন, দল থেকে সকল কাগজপত্র আমাকে দিয়েছে। তারা আমাকে স্থানীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সেজন্য আমি দলের চেয়ারম্যানসহ নীতি নির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাই।
গণমুক্তি জোটের মহাসচিব শাহ জামাল আমিরুল জানান, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সবুজ দীর্ঘদিন থেকে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দয়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে স্থানীয় প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য হলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।