রংপুরে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।

পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তিনি তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এএসআই পিয়ারুলের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ তাকে আটক করে।

১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পলাশের মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এ ছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত