কোরীয় সীমান্তে সেনা ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে পিয়ংইয়ং

দক্ষিণ কোরিয়া সীমান্তে বাড়তি যুদ্ধ সরঞ্জাম এবং সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ২০১৮ সালে সই হওয়া যৌথ সামরিক চুক্তি মেনে না চলার কথা জানিয়ে দিয়েছে। পিয়ংইয়ংয়ের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার দিক আসা প্রতিক্রিয়ার জবাবে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিল।

কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা নিরসনকল্পে এবং দুই দেশের মধ্যে বিশ^াস স্থাপন করতে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ‘কম্প্রিহেনসিভ মিলিটারি এগ্রিমেন্ট (সিএমএ)’ শীর্ষক দ্বিপক্ষীয় চুক্তি করে। এবার সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, পিয়ংইয়ং আর ওই সামরিক চুক্তি আর মেনে চলতে বাধ্য নয়।

গত মে এবং আগস্ট মাসে টানা ব্যর্থতার পর গত পিয়ংইয়ং চলতি সপ্তাহে ঘোষণা দেয়, তারা সফলভাবে সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এরপর সিউল গত বুধবার জানায়, তারা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।