নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের বাইরে রয়েছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করার সময় ও সুযোগ রয়েছে। আজকের এ বৈঠকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার তাই করার পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মৌলভীবাজারে সার্কিট হাউসে জাতীয় নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার ও হবিগঞ্জের রিটানিং-সহকারী রিটানিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আনিছুর রহমান বলেন, জনগণ যদি ভোট দেয়, সেটাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করব। নির্বাচনে কে এলো বা কে এলো না সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়।
নির্বাচনের সময় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। তারা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনো তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো। অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। নির্বাচনের দিন যেন মোবাইল নেটওয়ার্কগুলো স্বাভাবিক থাকে এর জন্য সরকারের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান প্রমুখ।