লিবিয়ায় দালা‌লের খপ্প‌রে আটক ৯ প্রবাসী দেশে

লিবিয়ায় দালাল চক্রের খপ্পরে আটকে পড়া বাঁশখালীর নয় প্রবাসী অবশেষে দেশে ফিরে এসে‌ছে। লিবিয়ার বাংলা‌দেশ দূতাবাস ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের উদ্যোগে দেশে ফিরলেন তারা। দেশে ফিরে শুক্রবার (২৪ ন‌ভেম্বর) বাঁশখালী ইউএনওর কার্যালয়ে এসে কৃতজ্ঞতা জানান নয় প্রবাসী।

ইউএনও জেসমিন আক্তার ব‌লেন, লিবিয়ায় অপহৃত হয়ে নির্যাতনের শিকার হচ্ছিল বাঁশখালীর নয়জন বাসিন্দা। গত ১৭ সেপ্টেম্বর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। এ সময় ভিডিও বার্তায় তারা দেশে ফেরার আকুতি জানান।

ফিরে আসা প্রবাসীরা হলেন - গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার শহিদ উল্লাহর ছেলে রুকনুল ইসলাম আরিয়াত, একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. মোরশেদুল আলম, আহমদ কবিরের ছেলে মো. কাউছার মিয়া, আবদুল মোনাফের ছেলে আজগর হোসাইন, আবদুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মো. আলীর ছেলে মো. আশেক ও তার ভাই ইব্রাহিম, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৫নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে আইয়ুব আলী ও কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাগমারা এলাকার আবু আহমদের ছেলে মো. করিম। 

তাদের অভিযোগ, বাঁশখালীর গন্ডামারা, কাথরিয়ার তিন-চারজন মানব পাচারকা‌রী ১০-১২ লাখ টাকার বিনিময়ে তাদের লিবিয়া নিয়ে  যান। চুক্তি অনুযায়ী প্রত্যেককে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা থাকলেও তাদের লিবিয়ায় দালাল‌দের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর তা‌দের ওপর নানা ভা‌বে নির্যাতন চালা‌নো হয়।