মালয়েশিয়াগামী ৫৭ রোহিঙ্গাসহ দালাল আটক

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৫৭ জন রোহিঙ্গা নারী-পুরুষসহ মোহাম্মদ ইয়াছিন নামের এক দালালকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের অধিকাংশই নারী ও শিশু। এরা সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

ধৃত দালাল টেকনাফের সদর ইউনিয়নের মহেষখালী পাড়ার বাসিন্দা।

উদ্ধার হওয়া মালয়েশিয়াগামী রোহিঙ্গা মোহাম্মদ সৈয়দ বলেন, ২ লাখ ৪০ হাজার টাকা কন্ট্রাক্টে তিন শিশু ও স্ত্রীকে নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করি। এজন্য দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি ২ লাখ টাকা মালেয়শিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন আটকে রাখে। অবশেষে যাত্রার প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়েছি। তিনি আরো বলেন, পাহাড়ে আরও অনেক রোহিঙ্গা আটক রয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে এক দলালসহ ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ধৃত দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে নতুন করে মামলা দায়ের করে হবে। তার আগে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।